হরমুজে ইরানের পাতা মাইন বিস্ফোরণে জাহাজডুবি
ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ‘অননুমোদিত’ রুট দিয়ে যাওয়ার সময় সামুদ্রিক মাইনের আঘাতে আড়াই হাজারের বেশি কন্টেইনারবাহী একটি জাহাজ ডুবে গেছে।

বুধবার (১৪ অক্টোবর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে।

ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, ওই বাণিজ্যিক জাহাজটি প্রণালীর ‘বিপজ্জনক ও অননুমোদিত’ পথ অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় একটি সামুদ্রিক মাইনের সঙ্গে ধাক্কা লেগে জাহাজে আগুন ধরে যায়। বুধবার সকালে আগুনের তীব্রতা বেড়ে গেলে প্রণালীর দক্ষিণ দিকের জলরাশিতে জাহাজটি সম্পূর্ণ ডুবে যায়।

ডুবে যাওয়া জাহাজের কন্টেইনারগুলো পানিতে ভেসে রয়েছে উল্লেখ করে স্থানীয় জলযান ও জেলেদের ওই এলাকায় চলাচলের সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আইআরজিসি।

তবে ডুবে যাওয়া জাহাজটির নাম, এর পতাকা, পরিচালনাকারী প্রতিষ্ঠান কিংবা ক্রুদের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীতে বেশ কিছু সামুদ্রিক ঘটনার মধ্যে এই জাহাজ ডুবির ঘটনা ঘটল। এর আগে গত এপ্রিল মাস থেকে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। নির্দিষ্ট ট্রানজিট রুট ব্যবহার এবং আইআরজিসি নৌবাহিনীর কাছ থেকে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে।

এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই কৌশলগত রুটে চলাচল নিয়ে আঞ্চলিক উত্তেজনা ও জটিলতা আরও বাড়ছে। 

সূত্র: আল জাজিরা

—জা. অর্থনীতি/এএইচএ