তিন বছর বয়সে রাজা, ৩৪ বছরে চিরবিদায়! (ভিডিও)
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি ডেস্ক:

 

যে বয়সে রাজমুকুটের অর্থই বোঝার কথা নয়, সেই বয়সেই তিনি হয়ে উঠেছিলেন রাজা! মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসে ইতিহাসে জায়গা করে নিয়েছিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা হিসেবে! ৩১ বছর রাজত্বের পর মাত্র ৩৪ বছর বয়সেই থেমে গেল তার জীবন। কীভাবে মাত্র তিন বছর বয়সের সেই শিশু হয়ে উঠেছিলেন এক রাজ্যের রাজা?

মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসে ইতিহাসে নাম লিখিয়েছিলেন উগান্ডার তুরো রাজ্যের রাজা ওয়ো নিয়িম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ। বিশ্বের সর্বকনিষ্ঠ ক্ষমতাসীন রাজা হিসেবে পরিচিত সেই রাজা মারা গেছেন মাত্র ৩৪ বছর বয়সে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় রাত প্রায় ১০টায় তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তুরো রাজ্যের প্রধানমন্ত্রী ক্যালভিন আর্মস্ট্রং রওমিরে রাজপরিবার ও তুরোর জনগণের জন্য এটিকে ‘অপরিমেয় ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছেন।

১৯৯৫ সালে বাবা রাজা প্যাট্রিক ডেভিড ম্যাথিউ কাবোয়ো অলিমি তৃতীয়ের মৃত্যুর পর মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসেন ওয়ো। অল্প বয়সের কারণে তার মা, রাজপরিবারের প্রবীণ সদস্য এবং অভিভাবক পরিষদ রাজ্যের দায়িত্ব সামলাতে সহায়তা করতেন। ২০১০ সালে ১৮ বছর বয়সে পূর্ণ রাজকীয় দায়িত্ব নেন তিনি। তবে, ‘রাজা’ হলেও উগান্ডার রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে ছিল না। দেশটি একটি প্রজাতন্ত্র। তুরোসহ ঐতিহ্যবাহী রাজ্যগুলোর রাজনৈতিক ক্ষমতা নেই, বরং তারা সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বয়স বাড়ার সাথে সাথে ওয়ো শিক্ষা, তরুণদের ক্ষমতায়ন, স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে কাজ করেন। ব্রিটেনেও পড়াশোনা করেছেন তিনি এবং ইউনিভার্সিটি অব উইনচেস্টার থেকে ব্যবসা ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রি অর্জন করেন।

তার মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে, অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেওয়ার কথা জানিয়েছিলেন উগান্ডার এক মন্ত্রী। স্থানীয় কিছু প্রতিবেদনে ক্যানসারের কথা বলা হলেও রাজপরিবার তা নিশ্চিত করেনি।

সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো-অবিবাহিত থাকা সত্ত্বেও তিনি একটি পুত্র উত্তরাধিকারী রেখে গেছেন বলে জানিয়েছেন তুরোর প্রধানমন্ত্রী! তবে, তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি!

তিন বছর বয়সে রাজা, ১৮ বছরে পূর্ণ দায়িত্ব আর ৩৪ বছরেই মৃত্যু। এভাবেই শেষ হলো বিশ্বের সবচেয়ে কম বয়সে সিংহাসনে বসা রাজাদের একজনের ব্যতিক্রমী জীবনকাহিনি।

৩৪ বছরেই থামল রাজার জীবন?

যে বয়সে রাজমুকুটের অর্থই বোঝার কথা নয়, সেই বয়সেই তিনি হয়ে উঠেছিলেন রাজা! মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসে ইতিহাসে জায়গা করে নিয়েছিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা হিসেবে। ৩১ বছর রাজত্বের পর মাত্র ৩৪ বছর বয়সেই থেমে গেল তার জীবন। কীভাবে মাত্র তিন বছর বয়সের সেই শিশু হয়ে উঠেছিলেন এক রাজ্যের রাজা?

তিন বছর বয়সেই একটি দেশের রাজা!

মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসেছিলেন উগান্ডার তুরো রাজ্যের রাজা ওয়ো নিয়িম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ। বিশ্বের সর্বকনিষ্ঠ ক্ষমতাসীন রাজা হিসেবে পরিচিত ওয়ো ১৮ বছর বয়সে পূর্ণ রাজকীয় দায়িত্ব নেন। উগান্ডায় রাজাদের রাজনৈতিক ক্ষমতা না থাকলেও সংস্কৃতি ও সামাজিক জীবনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষা, তরুণদের ক্ষমতায়ন ও স্বাস্থ্য নিয়ে কাজের জন্যও পরিচিত ছিলেন ওয়ো। অবশেষে ৩৪ বছর বয়সে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।  

—জা. অর্থনীতি/এলএটি