বিনোদন ডেস্ক: ছয় দশকের দীর্ঘ অভিনয়জীবন ও মানবিক কাজের স্বীকৃতি হিসেবে অভিনেতাদের সংগঠন 'এসএজি-এএফটিআরএ'-র সর্বোচ্চ সম্মাননা পেতে যাচ্ছেন হলিউড কিংবদন্তি আল পাচিনো। আগামী বছরের ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাকে এই পুরস্কার প্রদান করা হবে। সম্মাননার প্রতিক্রিয়ায় আল পাচিনো বলেন, চিত্রনাট্য ও সহশিল্পীদের সান্নিধ্যই তার জীবনের সেরা আনন্দ।
'দ্য গডফাদার' চলচ্চিত্রে মাইকেল করলিওনে চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য বিখ্যাত ৮৬ বছর বয়সী এই তারকা সংস্থাটির ৬২তম আজীবন সম্মাননা স্মারক পাচ্ছেন। ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ৩৩তম 'অ্যাক্টর অ্যাওয়ার্ডস' মঞ্চে ৮৬ বছর বয়সী এই গুণী অভিনেতার হাতে পুরষ্কারটি তুলে দেওয়া হবে। আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে নেটফ্লিক্স।
১৯৭২ সালে 'দ্য গডফাদার' দিয়ে পর্দায় আলোড়ন তোলা আল পাচিনো পরবর্তীতে 'সার্পিকো', 'স্কারফেস' ও 'সেন্ট অব এ ওম্যান'-এর মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। 'সেন্ট অব এ ওম্যান' ছবির জন্য অস্কারজয়ী এই অভিনেতা একাধিক এমি, টনি ও গোল্ডেন গ্লোব পুরস্কারও ঝুলিতে পুরেছেন।
এদিকে সংস্থাটির সভাপতি শন অ্যাস্টিন তাকে "প্রতিভার এক জীবন্ত শক্তি" হিসেবে আখ্যা দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি ৯/১১ পরবর্তী চ্যারিটি শো এবং আর্থ্রাইটিস ফাউন্ডেশনের হয়ে মানবিক কাজেও বিশেষ অবদান রেখেছেন এই হলিউড তারকা।
জা. অর্থনীতি/এআর