লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীর দীর্ঘদিনের অবহেলিত অবস্থার অবসান ঘটিয়ে সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী। নবগঠিত লক্ষ্মীপুর বিসিক শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে বিসিক শিল্পনগরীর দীর্ঘদিনের সমস্যা, অবকাঠামোগত স্থবিরতা এবং সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় পানিসম্পদ মন্ত্রী বলেন, "লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরী দীর্ঘদিন ধরে অবহেলিত। বিগত সময়ে এখানে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকার এই শিল্পনগরীর উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।"
শুভেচ্ছা বিনিময়কালে লক্ষ্মীপুর বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি মাওলানা আবদুল কুদ্দুছ এবং সাধারণ সম্পাদক কামাল উদ্দিনসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় বিসিক শিল্পনগরীর অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ শিল্পবান্ধব করা এবং স্থানীয় উদ্যোক্তাদের বিদ্যমান সমস্যা সমাধানে সরকারের কার্যকর ও দ্রুত হস্তক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেন শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ।
—জা. অর্থনীতি/এলএটি