শারদীয় সাজে মুগ্ধতা ছড়ালেন জয়া

বিনোদন ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজার ষষ্ঠীর দিনে ঐতিহ্যবাহী স্নিগ্ধ রূপে ভক্তদের সামনে হাজির হয়েছেন জয়া আহসান। অফহোয়াইট শাড়ি ও বেলি ফুলের সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী।

ভিডিওটিতে জয়াকে দেখা গেছে গোলাপি নকশা পাড়ের অফহোয়াইট শাড়ি, মানানসই অলংকার এবং চুলে বেলি ফুলের গাজরায়। ধারণাকৃত দৃশ্যগুলোতে ব্যাকগ্রাউন্ডে বেজেছে পুরোনো দিনের মিষ্টি বাংলা গান ‘তোমারই আছি’। ভিডিওটি প্রকাশ করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘উৎসব থাকুক চোখের তারায়, হাসিতে আর গল্পে; সবাইকে শারদীয়া শুভেচ্ছা।’

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্য বরাবরই প্রশংসিত জয়া। কখনো আধুনিক রূপ আবার কখনো আবহমান বাংলার চিরচেনা সাজে তিনি প্রতিনিয়ত মুগ্ধ করেন অনুরাগীদের। পূজার আবহে ধারণ করা এই বিশেষ ভিডিওটির নান্দনিকতা ও জয়ার সাবলীল অভিব্যক্তি নেটদুনিয়ায় তার ভক্তদের দৃষ্টি কেড়েছে।

জা. অর্থনীতি/এআর