জাতীয় অর্থনীতি ডেস্ক:
একটি ছোট্ট চিরকুটের দাম কি ১৬ কোটি রুপি হতে পারে? হ্যাঁ, যদি সেই চিরকুট লেখা হয় মহাত্মা গান্ধীর হাতে লেখা! বন্ধুর শোক ও একাকিত্বের সময়ে লেখা ৬৮৮টি ছোট বার্তাই এবার নিলামে তুলেছে বিশ্ব রেকর্ড! কিন্তু কেন এত দামে বিক্রি হলো এই ব্যক্তিগত লেখাগুলো?
ব্যক্তিগত কিছু কথা কখনো কখনো হয়ে উঠতে পারে ইতিহাসের অমূল্য দলিল। মহাত্মা গান্ধীর হাতে লেখা এমনই ৬৮৮টি ছোট বার্তা এবার নিলামে বিক্রি হয়েছে ১৬ কোটি ২০ লাখ রুপিতে! ভারতীয় ঐতিহাসিক নথি নিলামে বিক্রির ক্ষেত্রে এটি বিশ্ব রেকর্ড তৈরি করেছে!
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নিলাম প্রতিষ্ঠান স্যাফরনআর্টের ‘গান্ধী: ফ্রম দ্য কালেকশন অব আনন্দ টি হিঙ্গোরানি’ শীর্ষক নিলামে এই সংগ্রহ বিক্রি হয়। ‘আ থট ফর দ্য ডে’ নামে পরিচিত সংগ্রহটিতে রয়েছে ২৩ মাস ধরে লেখা গান্ধীর ৬৮৮টি তারিখযুক্ত ভাবনা।
১৯৪৪ সালের ২০ নভেম্বর থেকে ১৯৪৬ সালের ১০ অক্টোবর পর্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ও স্বাধীনতা আন্দোলনের সহযোদ্ধা আনন্দ টি হিঙ্গোরানিকে এসব বার্তা লিখেছিলেন গান্ধী। পরে হিঙ্গোরানি সেগুলো সংরক্ষণ ও সংকলন করেন। একপর্যায়ে লেখাগুলো বই আকারেও প্রকাশিত হয়।
এসব বার্তার পেছনে ছিল গভীর ব্যক্তিগত সম্পর্কের গল্প। হিঙ্গোরানির স্ত্রী বিদ্যার মৃত্যুর পর শোক ও একাকিত্বে ভেঙে পড়েছিলেন তিনি। একই সময়ে কানে কম শোনার সমস্যার জন্য প্রাকৃতিক চিকিৎসাও নিচ্ছিলেন। সেই কঠিন সময়ে গান্ধীর লেখা ছোট ছোট বার্তাগুলো হয়ে ওঠে তার সঙ্গী।
এই নিলামে মোট ৮৬টি সংগ্রহ রাখা হয়েছিল। এর মধ্যে ছিল গান্ধীর চিঠি, পাণ্ডুলিপি, ছবি, ডাকটিকিট ও ব্যক্তিগত সামগ্রী। লেখার টেবিলে বসা গান্ধীর একটি স্বাক্ষর করা ছবি বিক্রি হয়েছে ৭৮ লাখ রুপিতে! আর অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে তার চিঠি, টেলিগ্রাম ও পোস্টকার্ডের একটি সংগ্রহ বিক্রি হয়েছে ৫৭ লাখ রুপিতে!
৬৮৮টি বার্তার নিলাম-পূর্ব মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৫ থেকে ২৫ কোটি রুপি। শেষ পর্যন্ত ১৬ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়ে ইতিহাসের অংশ হলো গান্ধীর এই ব্যক্তিগত চিরকুটগুলো।
১৬ কোটি রুপিতে বিক্রি গান্ধীর চিরকুট!
একটি ছোট্ট চিরকুটের দাম কি ১৬ কোটি রুপি হতে পারে? হ্যাঁ, যদি সেই চিরকুট লেখা হয় মহাত্মা গান্ধীর হাতে লেখা! বন্ধুর শোক ও একাকিত্বের সময়ে লেখা ৬৮৮টি ছোট বার্তাই এবার নিলামে তুলেছে বিশ্ব রেকর্ড! কিন্তু কেন এত দামে বিক্রি হলো এই ব্যক্তিগত লেখাগুলো?
একগুচ্ছ চিরকুটের দাম ১৬ কোটি রুপি?
মহাত্মা গান্ধীর হাতে লেখা ৬৮৮টি ছোট বার্তা নিলামে বিক্রি হয়েছে ১৬ কোটি ২০ লাখ রুপিতে! ১৯৪৪ থেকে ১৯৪৬ সালের মধ্যে ঘনিষ্ঠ সহযোগী আনন্দ টি হিঙ্গোরানিকে এসব বার্তা লিখেছিলেন গান্ধী। স্ত্রীর মৃত্যুর পর শোক ও একাকিত্বে থাকা হিঙ্গোরানির জন্য লেখা এসব বার্তা পরে ‘আ থট ফর দ্য ডে’ নামে সংকলিত হয়। স্যাফরনআর্টের নিলামে বিক্রি হওয়া এই সংগ্রহ ভারতীয় ঐতিহাসিক নথি নিলামের ক্ষেত্রে বিশ্ব রেকর্ড তৈরি করেছে।
—জা. অর্থনীতি/এলএটি