মেহেরপুর প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ বলেছেন, "রাজপথই আমাদের একমাত্র ঠিকানা। অনেক ষড়যন্ত্র করে আমাদের পরাজিত করা হয়েছে, তবে আমি কারো প্রতি সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করতে চাই না। একদিকে রয়েছে ত্যাগী ও খেটে খাওয়া মানুষের বিএনপি, আর অন্যদিকে হলো দুই দিনের বিএনপি। ঘরের ভেতরে ও বাইরে নানামুখী ষড়যন্ত্র চলছে। তাই যেকোনো চক্রান্ত মোকাবিলায় ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"
রোববার (২৫ অক্টোবর) বিকেলে মেহেরপুর শহরের কোর্ট মোড়ে দেশবিরোধী তৎপরতা ও বর্তমান সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র রুখে দিতে বিএনপির একাংশের আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সার্বিক বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে মাসুদ অরুণ আরও বলেন, "সবার আগে বাংলাদেশের নাম ভাঙিয়ে মেহেরপুরে সমস্ত সারের ডিলারশিপ বিক্রি করা হয়েছে। এ জন্য আমি একাই প্রশাসনকে দোষ দেবো না। দলের কোনো নেতা যদি ডিলারশিপ বিক্রি করে বাণিজ্যে লিপ্ত হন এবং বিএনপিকে পুঁজি করে নিজেদের ভাগ্য গড়েন, তবে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আর কী করার থাকতে পারে? তাই দলের প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের আজ ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের শক্তির ওপর ভর করেই বিএনপিকে রক্ষা করতে হবে। আমাদের পালানোর কোনো জায়গা নেই; আমরা ভারত বা পাকিস্তানে যাব না, এই বাংলার মাটিতে থেকেই চূড়ান্ত লড়াই সম্পন্ন করব।"
পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা প্রমুখ।
সমাবেশ শেষে মাসুদ অরুণের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
—জা. অর্থনীতি/এলএটি