জাতীয় অর্থনীতি স্পোর্টস: বিসিবির নতুন ঘরোয়া টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি (ডি-থ্রি) ট্রফির প্লেয়ার্স নিলামে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। বিশেষ করে 'বি' ক্যাটাগরির ক্রিকেটারদের নিয়ে দলগুলোর কাড়াকাড়িতে সবচেয়ে বেশি চমক দেখিয়েছেন হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমান।
অর্থের পরিবর্তে নির্দিষ্ট পয়েন্ট বাজেটের এই নিলামে ৩০ লাখ ভিত্তিমূল্যের সাব্বিরকে শেষ পর্যন্ত ১ কোটি ২ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছে ফরচুন গ্রুপ। তার সঙ্গে একই দল ফরচুনে খেলবেন তারকা পেসার মোহাম্মদ সাইফউদ্দিন, যিনি ৬৯ লাখ পয়েন্টে দল পেয়েছেন। এছাড়া একই ক্যাটাগরিতে ১ কোটি ২ লাখ পয়েন্টে একমিতে নাম লিখিয়েছেন আব্দুল গাফফার সাকলাইন ও মাহিদুল ইসলাম অঙ্কন। ব্লুস্টারে ৯৯ লাখ পয়েন্টে গেছেন আফিফ হোসেন ধ্রুব।
এর আগে 'এ' ক্যাটাগরি থেকে পেসার শরিফুল ইসলামকে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে সিটিজেনস ব্যাংক এবং তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে দলে ভেড়ায় ওয়ালটন। জমজমাট এই নিলামের মাধ্যমে দেশের ঘরোয়া ক্রিকেটের নতুন এই টুর্নামেন্ট নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে।
জা. অর্থনীতি/এআর