ছাত্রদল নেতা হত্যার জেরে শপিংমলে ভাঙচুর, ওসি প্রত্যাহার
ছবি সংগৃহীত

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় দায়িত্বে অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানকে প্রত্যাহার করা হয়েছে। 

বুধবার (২৮ অক্টোবর) তাকে জনস্বার্থে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম।

অফিস আদেশ বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নাটোর জেলায় কর্মরত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন। মঙ্গলবার রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ এ আদেশে স্বাক্ষর করেন।

এদিকে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার নাটোর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল আজিজের ছেলে ও গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। মঙ্গলবার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় যুবদল এ সিদ্ধান্ত নেয়।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রাতৃপ্রতিম সংগঠনের সহযোদ্ধার প্রাণহানির মতো গুরুতর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হেলমেট পরা কয়েকজন সশস্ত্র দুর্বৃত্তের হামলার শিকার হন শাকিল ইসলাম। এ সময় তাকে কুপিয়ে জখম করে মোটরসাইকেলে পালিয়ে যান হামলাকারীরা।

পরে গুরুতর আহত শাকিলকে উদ্ধার করে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় (১৯ অক্টোবর) অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গুরুদাসপুর থানায় হত্যাচেষ্টা মামলা করেন শাকিলের বাবা রবিউল মিস্ত্রি। সোমবার রাত ১০টার দিকে গুরুদাসপুর বাজারের একটি ভাড়া বাসা থেকে এমপিপুত্র নুরুজ্জামান মিন্টুকে আটক করে পুলিশ। পরদিন মঙ্গলবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, জনস্বার্থে তাকে প্রত্যাহার করে রাজশাহী রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

 

শপিংমলে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ছাত্রদল নেতা শাকিল ইসলামের জানাজা শেষে স্থানীয় এক শপিংমলে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষতি দাবি করা হয়েছে প্রায় ৫ কোটি টাকা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন শপিংমলের মালিক প্রবাসী রাসেল হোসাইন। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালেচনার সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, এমপি আব্দুল আজিজের ছেলে ও শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার নুরুজ্জামান মিন্টুর সঙ্গে শপিংমল মালিকের ঘনিষ্ঠতা রয়েছে। মিন্টু গ্রেপ্তারের পর তার ওপর ক্ষোভে ওই ঘটনা ঘটতে পারে।

তথ্যমতে, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামকে কুপিয়ে জখম করে দূর্বৃত্তরা। গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই হত্যা মামলায় স্থানীয় এমপি আব্দুল আজিজের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে স্থানীয় জোহা কলেজ মাঠে শাকিলের জানাজা হয়।

প্রবাসী রাসেলের দাবি, মঙ্গলবার রাত ৯টার দিকে গুরুদাসপুরের জোহা কলেজ মাঠে শাকিলের জানাজা শেষে শতাধিক লোক চাঁচকৈড় বাজারে অবস্থিত তার মালিকানাধীন রাশ মেগা মলে ভাঙচুর ও লুটপাট করে। 

তিনি অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি চালুর পর থেকেই একটি মহল বিভিন্নভাবে এটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে আসছিল। শাকিলের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ওই মহল আবারও সেই সুযোগ নিয়েছে বলে দাবি তার। এ ঘটনায় প্রায় ৫ কোটি টাকার মালামাল লুট হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, ঘটনার খবর পেয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 —জা. অর্থনীতি/এনজে