আম্পায়ার বাবার অনন্য নজির, ছেলেকে দিলেন এলবিডব্লু আউট

জাতীয় অর্থনীতি স্পোর্টস: খেলার মাঠে কতই না বিচিত্র ঘটনা ঘটে! তবে আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে আন্তর্জাতিক ম্যাচে নিজের জন্মদাতা বাবার সিদ্ধান্তে ছেলের এলবিডব্লু আউট হওয়ার ঘটনা ঘটেছে মাত্র একবারই।

ঐতিহাসিক সেই ঘটনার নায়ক কেনিয়ার আম্পায়ার সুভাষ মোদি ও তার ছেলে কেনিয়া ক্রিকেট দলের তৎকালীন বাঁহাতি ব্যাটার হিতেশ মোদি। ২০০৬ সালে বাংলাদেশ ও কেনিয়ার মধ্যকার চার ম্যাচের ওয়ানডে সিরিজের একটি ম্যাচে নাইরোবির জিমখানা গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল দুই দল।

১৪তম ওভারে বাংলাদেশি পেসার মাশরাফি বিন মুর্তজার একটি ইনসুইং বল হিতেশের ব্যাট ফাঁকি দিয়ে প্যাডে লাগলে জোরদার আবেদন করেন মাশরাফি। অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকা সুভাষ মোদি পেশাদারিত্বের পরিচয় দিয়ে কোনো দ্বিধা ছাড়াই নিজের ছেলেকে আউট ঘোষণা করেন।

সে সময় আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম আম্পায়ার হিসেবে নিজের সন্তানকে আউট দেওয়ার বিরল রেকর্ড গড়েন সুভাষ। পরে এক সাক্ষাৎকারে গর্বভরে সেই স্মৃতির কথা স্মরণ করে তিনি জানান, সিদ্ধান্ত নেওয়ার সময় সন্তান নয়, আম্পায়ারের দায়িত্ব পালন করাটাই তার কাছে প্রধান ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে আজও এটি একক ও অনন্য এক ঘটনা হয়ে রয়ে গেছে।

জা. অর্থনীতি/এআর