তাইবুরের রেকর্ড ডাবল সেঞ্চুরি, তাকরিরের তাক লাগানো অভিষেক

জাতীয় অর্থনীতি স্পোর্টস: জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে রেকর্ড গড়েছেন তাইবুর রহমান ও ইরফান সাবরি তাকরির। প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ার পাশাপাশি অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তরুণ তাকরির।

রাজশাহীতে ঢাকা বিভাগের হয়ে তাইবুর রহমান খেলেছেন ২১১ রানের অনবদ্য এক ইনিংস। এর মাধ্যমে বাংলাদেশের অষ্টম ব্যাটসম্যান হিসেবে তৃতীয় ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করলেন তিনি। অন্যদিকে, চট্টগ্রামের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি তুলে নিয়েছেন তাকরির। ২১২ বলে ১০৪ রানের ঝলমলে ইনিংস খেলে তিনি নাম লিখিয়েছেন দেশের চতুর্থ অভিষিক্ত সেঞ্চুরিয়ান হিসেবে।

এছাড়া বগুড়ায় সিলেটের বিপক্ষে রাজশাহীর হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন প্রিতম কুমার। বল হাতে ময়মনসিংহের পেসার আবু হায়দার চার বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ উইকেট শিকার করেছেন। জাতীয় লিগের এই রাউন্ডে ব্যাটার ও বোলারদের জমজমাট পারফরম্যান্সে জমে উঠেছে ঘরোয়া ক্রিকেটের লড়াই।

জা. অর্থনীতি/এআর