মাত্র ৩৫ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বিশ্বখ্যাত ফ্যান্টাসি সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর আইরিশ তারকা মাইকেল প্যাট্রিক। গত মঙ্গলবার (৭ এপ্রিল) উত্তর আয়ারল্যান্ডের একটি হসপিসে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী নাওমি শিহান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি জানান, বিরল স্নায়বিক রোগ ‘মোটর নিউরন ডিজিজ’ (এমএনডি)-এর সঙ্গে দীর্ঘ সংগ্রামের পর চিরবিদায় নিয়েছেন মাইকেল।
জনপ্রিয় ফ্যান্টাসি ড্রামা সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এ বেরিক ডনডারিওনের নেতৃত্বাধীন ‘ব্রাদারহুড উইদাউট ব্যানার্স’-এর একজন সক্রিয় সদস্য হিসেবে অভিনয় করেছিলেন মাইকেল। তার চরিত্রটি খুব বড় না হলেও বলিষ্ঠ অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।
কেবল ‘গেম অফ থ্রোনস’ নয়, রূপালি পর্দায়ও প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই অভিনেতা। কেনেথ ব্রানাঘ পরিচালিত অস্কারজয়ী চলচ্চিত্র ‘বেলফাস্ট’-এ তাকে দেখা গেছে। এ ছাড়া, ‘ব্লু লাইটস’ এবং ‘মাই লেফট নাট’-এর মতো জনপ্রিয় টেলিভিশন শো এবং থিয়েটার জগতেও তিনি ছিলেন সমানভাবে উজ্জ্বল ও সক্রিয়।
চিকিৎসা বিজ্ঞানের তথ্যমতে, ২০২৩ সালে মাইকেলের শরীরে ধরা পড়া এই ‘মোটর নিউরন ডিজিজ’ অত্যন্ত বিরল। এই রোগে আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে শরীরের পেশি সঞ্চালন, হাঁটাচলা এবং কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। রোগটি জটিল আকার ধারণ করায় শেষ দিকে শ্বাস-প্রশ্বাস নেওয়াও তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছিল।
মাইকেলের অকাল প্রয়াণে বিনোদন বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। তার সহকর্মী ও অগণিত অনুরাগী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় অভিনেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন।
—জা. অর্থনীতি/এনএ