অস্কারের পোস্টে স্বীকৃতি, ফের আলোচনায় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’

বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমের সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের অনবদ্য সিনেমাটি বিশ্বজুড়ে এখনো আলোচনায়। সম্প্রতি দ্য একাডেমি অফ মোশান পিকচারস আর্টস অ্যান্ড সাইন্সেস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণভিত্তিক প্রিয় রোমান্টিক চলচ্চিত্রের তালিকায় সিনেমাটির নাম উল্লেখ করে একটি পোস্ট শেয়ার করেছে। নস্টালজিক এ পোস্ট শেয়ারের ফলে আবারও আলোচনায় সিনেমাটি। 

এদিকে, অনেকেই ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-এর প্রিয় দৃশ্য, সংলাপ ও চরিত্র নিয়ে নিজেদের আবেগ শেয়ার করেন। সেই তালিকায় যোগ দেন সিনেমাটির প্রধান অভিনেত্রী কাজলও। তিনি তার প্রতিক্রিয়ায় খুব বেশি কিছু লেখেননি। 

অভিনেত্রী শুধু লিখেছেন, ‘আই ভোট ফর ডিডিএলজে।’ কিন্তু এই ছোট্ট বাক্যই যেনো ভক্তদের মনে ঝড় তোলে। সংক্ষিপ্ত হলেও তার এ মন্তব্য ছিলো আবেগে ভরা, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভক্তরা আবারও ফিরে যান তার অভিনীত ‘সিমরান’ চরিত্রের কাছে, যেটি এখনো রোমান্টিক সিনেমার অন্যতম আইকনিক চরিত্র হিসেবে বিবেচিত। 

‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ শুধু একটি সিনেমা নয়, এটি এক ধরনের সাংস্কৃতিক প্রতীক। মুক্তির পর থেকে এটি এমন এক ভালোবাসার গল্প হয়ে উঠেছে, যা প্রজন্মের পর প্রজন্মকে ছুঁয়ে গেছে। রাজ ও সিমরানের প্রেম, পরিবারের বাধা এবং শেষ পর্যন্ত মিলনের গল্প, সবকিছুই দর্শকদের মনে গভীরভাবে গেঁথে আছে। 

এ সিনেমার জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রেখেছেন এর দুই প্রধান তারকা-শাহরুখ খান এবং কাজল। তাদের অন-স্ক্রিন কেমিস্ট্রি আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়। সময়ের সাথে সাথে তারা আরও বহু সিনেমায় অভিনয় করলেও ‘ডিডিএলজে’-এর রাজ ও সিমরান যেনো আলাদা এক জায়গা দখল করে আছে। 

একাডেমি-এর এ পোস্টটি প্রমাণ করে, সিনেমাটির আবেদন এখনো সীমান্ত পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। একটি ভারতীয় রোমান্টিক সিনেমা কীভাবে আন্তর্জাতিকভাবে এতোটা প্রভাব ফেলতে পারে-‘ডিডিএলজে’ তার উজ্জ্বল উদাহরণ। 

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের নস্টালজিক কনটেন্ট বর্তমান প্রজন্মের কাছেও পুরোনো সিনেমাকে নতুনভাবে তুলে ধরে। একইসঙ্গে পুরোনো দর্শকদের মনে জাগিয়ে তোলে স্মৃতির আবেগ। ফলে, একটি সিনেমা সময়ের সাথে সাথে আরও গভীরভাবে মানুষের জীবনের অংশ হয়ে ওঠে। 

উল্লেখ্য, ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমাটি পরিচালনা করেন আদিত্য চোপড়া, যা ছিল তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। প্রযোজনা করেন তার বাবা ইয়াশ চোপড়া। ছবিতে শাহরুখ খান ও কাজলের অনবদ্য রসায়ন দর্শকদের মুগ্ধ করে। মুক্তির পর এটি ব্যাপক সাফল্যও পায়। গত বছর ছবিটির মুক্তির ৩০ বছর পূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষে লন্ডনের লেস্টার স্কয়ারে রাজ-সিমরানের ভঙ্গিতে একটি ব্রোঞ্জ ভাস্কর্য উন্মোচন করেন শাহরুখ ও কাজল, যা কোনো ভারতীয় সিনেমার জন্য প্রথম। 

—জা. অর্থনীতি/এনএ