যশ কেন বিগ বাজেট ছবি বেছে নেন, জানালেন সাই পল্লবী

জাতীয় অর্থনীতি বিনোদন: ছোট পরিসরের রোমান্টিক সিনেমা থেকে প্যান-ইন্ডিয়ান সুপারস্টার হয়ে ওঠা কন্নড় অভিনেতা যশ কেন বড় বাজেটের ছবি বেছে নিচ্ছেন, তা উন্মোচন করেছেন তার ‘রামায়ণ’ সিনেমার সহশিল্পী সাই পল্লবী।

হায়দরাবাদে এক অনুষ্ঠানে সাই পল্লবী জানান, যশের কাছে তিনি জানতে চেয়েছিলেন তিনি কি আর আগের মতো ছোট ও মিষ্টি ভালবাসার গল্পে অভিনয় করবেন না? জবাবে যশ জানান, সুযোগ যখন এসেছে তখন তিনি কন্নড়, দক্ষিণ ভারতীয় তথা পুরো ভারতীয় চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় উপস্থাপন করতেই বড় ক্যানভাসের কাজগুলো বেছে নিচ্ছেন।

‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির ঐতিহাসিক সাফল্যের পর নিজেকে কেবল আঞ্চলিক গণ্ডিতে সীমাবদ্ধ রাখেননি যশ। ‘টক্সিক’ সিনেমার পর তিনি এবার যুক্ত হয়েছেন প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের পৌরাণিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এ। মহাকাব্যিক এই প্রজেক্টে রণবীর কাপুর ও সাই পল্লবীর পাশাপাশি যশ মূল চরিত্রে অভিনয়ের সাথে সহপ্রযোজকের ভূমিকাও সামলাচ্ছেন।

আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’। পাশাপাশি কন্নড় এই সুপারস্টার আবারও পরিচালক প্রশান্ত নীলের সাথে ‘কেজিএফ ৩’ নিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।

জা. অর্থনীতি/এআর