বিনোদন প্রতিবেদক: না ফেরার দেশে চলে গেলেন ছোট পর্দা ও দেশীয় চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা তারিকুজ্জামান তপন (ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। তপন দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে রেখে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান অপু। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।
ফেসবুক পোস্টে অভিনয় শিল্পী সংঘ শোক প্রকাশ করে জনিয়েছে, অভিনয় শিল্পীসংঘ বাংলাদেশের সদস্য ও আমাদের প্রিয় সহকর্মী তারিকুজ্জামান তপন আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
জানা গেছে, গত ডিসেম্বরে তারিকুজ্জামান তপনের খাদ্যনালিতে ক্যান্সার ধরা পড়ে। তখনই রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছে যায় বলে জানান চিকিৎসকেরা। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং একাধিক কেমোথেরাপি নেন।
এ প্রসঙ্গে অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন বলেন, ‘আমরা সংগঠন থেকে সার্বক্ষণিক তারিকুজ্জামান ভাইয়ের পাশে ছিলাম। গতকাল রাতেও আমি, পাভেল (আজাদ আবুল কালাম) ভাইসহ অনেকেই ছিলাম। সে সময় তপন ভাই আইসিইউতে ছিলেন। পরে চিকিৎসক একপর্যায়ে জানিয়ে দেন আর কোনো চিকিৎসা নেই। আজ (গতকাল) শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে তারিক ভাইকে বাসায় নিয়ে আসা হয়। পরে শারীরিক অবস্থা খারাপ হলে রাতেই তিনি মারা যান।’
রাশেদ মামুন জানান, রাতে আফতাবনগরের পরশিনগর জামে মসজিদে জানাজা শেষে এই অভিনেতার মরদেহ টাঙ্গাইলে নিয়ে যাওয়া হবে। সেখানে তার গ্রামের বাড়ি ধনবাড়ী উপজেলায় দাফন সম্পন্ন হবে।
এর আগে, তারিকুজ্জামানের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলো পরিবার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তিও করা হয়েছিলো।
গত বৃহস্পতিবার এই অভিনেতার ছেলে তাছফিক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমার বাবা কিছু সময় আগে আইসিইউতে অ্যাডমিট হয়েছে। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর একটা অনুরোধ রইল, কেউ যদি ওনাকে সরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করার ব্যাপারে সহযোগিতা করতে পারেন, তাহলে প্লিজ জানাবেন। আর আর্থিক সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়। দয়া করে আপনারা যার যার পর্যায় থেকে যতোটুকু পারেন, সহযোগিতা করবেন।’
একসময় ছোট পর্দা ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন। কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। টেলিভিশন নাটক ও সিনেমা—দুই মাধ্যমেই কাজ করেছেন তিনি। তপনের অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’। আর টেলিভিশন নাটকের মধ্যে উল্লেখযোগ্য ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’।
—জা. অর্থনীতি/এনএ