ঢাকা: রাজধানী ঢাকায় সাধারণত মে মাসে বায়ুদূষণের মাত্রা কিছুটা কমে আসে। তবে এবার দেখা যাচ্ছে উল্টো চিত্র। বরং দিন যত যাচ্ছে, দূষণের মাত্রা ততই বাড়ছে।
সোমবার (১১ মে) সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। সকাল সাড়ে আটটার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যে দেখা যায়, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২০৮। এই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত বায়ুমান সূচক ২০০ অতিক্রম করলেই সেটিকে খুব অস্বাস্থ্যকর ধরা হয়।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের ১২২টি শহরের মধ্যে এ সময় ঢাকার অবস্থান ছিল সবার ওপরে। প্রতিষ্ঠানটি নিয়মিত বিশ্বের বিভিন্ন শহরের তাৎক্ষণিক বায়ুমানের তথ্য প্রকাশ করে থাকে, যাতে মানুষ দূষণের পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে পারে।
আজ রাজধানীর কয়েকটি এলাকায় দূষণের মাত্রা ছিল তুলনামূলক বেশি। সবচেয়ে খারাপ অবস্থায় ছিল বেচারাম দেউড়ী, যেখানে বায়ুমান সূচক ছিল ২৭৬। এরপর রয়েছে আগারগাঁও, যার সূচক ২৭১। এ ছাড়া বারিধারা পার্ক রোডে ২১৯, দক্ষিণ পল্লবীতে ২০৯ এবং গুলশান লেক পার্ক এলাকায় ২০৮ একিউআই রেকর্ড করা হয়েছে।
সাধারণত এপ্রিলের পর থেকে ঢাকার বাতাসের মান ধীরে ধীরে উন্নত হতে শুরু করে। বৃষ্টিপাত হলে সেই উন্নতি আরও দ্রুত দেখা যায়। কিন্তু এবার এপ্রিল শেষ হয়ে মে মাস চলে এলেও বাতাসের মানে প্রত্যাশিত পরিবর্তন দেখা যাচ্ছে না।
এ পরিস্থিতিতে নগরবাসীর জন্য কিছু সতর্কতামূলক পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বলছে, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত। একই সঙ্গে খোলা জায়গায় ব্যায়াম করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ঘরের ভেতরে থাকার সময় জানালা বন্ধ রাখার পরামর্শও দিয়েছে তারা।
—জা. অর্থনীতি/এআইই
