নিজের জনপ্রিয়তাকে বাণিজ্যিকভাবে ব্যবহারের অভিযোগ দুয়া লিপার

বিনোদন ডেস্ক: পপ সংগীতশিল্পী দুয়া লিপা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন। অভিযোগ, তার অনুমতি ছাড়াই টেলিভিশনের মোড়কে তার ছবি ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কেন্দ্রীয় জেলা আদালতে মামলাটি করা হয়।

আদালতে জমা দেওয়া নথিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া স্যামসাংয়ের বিভিন্ন টেলিভিশনের বাক্সে দুয়া লিপার মুখাবয়বযুক্ত একটি ছবি ব্যবহার করা হয়েছে। অথচ এ বিষয়ে তার কোনো সম্মতি নেওয়া হয়নি।

দুয়া লিপার পক্ষের দাবি, তার জনপ্রিয়তা ও পরিচিতিকে কাজে লাগিয়ে নিজেদের পণ্যের প্রচার ও বিক্রি বাড়ানোর চেষ্টা করেছে স্যামসাং।

মামলায় বলা হয়েছে, এভাবে তার দীর্ঘদিনের পরিশ্রমে অর্জিত সাফল্যকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছে। ব্যবহৃত ছবিটি তোলা হয়েছিল ২০২৪ সালের অস্টিন সিটি লিমিটস ফেস্টিভালে তার এক পরিবেশনার সময়। ছবিটির স্বত্বও দুয়া লিপার নিজের বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসে প্রথমবারের মতো তিনি জানতে পারেন, টেলিভিশনের মোড়কে তার ছবি ব্যবহার করা হচ্ছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ভক্তদের বিভিন্ন মন্তব্যও নজরে আসে। কেউ কেউ ওই টিভির বাক্সকে “দুয়া লিপার টিভি বাক্স” বলেও উল্লেখ করেন।

মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমের দুটি মন্তব্যও যুক্ত করা হয়েছে। একটিতে একজন লিখেছেন, “শুধু দুয়া লিপার ছবি আছে বলেই এই টিভি কিনতে চাই।” আরেকজন লিখেছেন, “কোনো কিছু বিক্রি করতে চাইলে শুধু দুয়া লিপার ছবি ব্যবহার করলেই হয়।”

দুয়া লিপার আইনজীবীদের ভাষ্য, বিষয়টি বন্ধ করতে একাধিকবার অনুরোধ জানানো হলেও স্যামসাং তাতে সাড়া দেয়নি। মামলায় স্বত্ব লঙ্ঘন, নিবন্ধিত পরিচিতি ব্যবহারের অধিকার লঙ্ঘন এবং তার ছবি ও পরিচিতির অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

বর্তমানে বিশ্বের বিভিন্ন নামী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন দুয়া লিপা। পুমা, ভার্সেস এর মতো প্রতিষ্ঠানের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এ ছাড়া অ্যাপল, পোর্শে ও শান্যাল–এর সঙ্গেও কাজ করেছেন তিনি। সম্প্রতি ন্যাসপ্রেসোর বৈশ্বিক শুভেচ্ছাদূত হয়েছেন এই শিল্পী।

দুয়া লিপার সর্বশেষ অ্যালবাম র‍্যাডিকাল অপটিমিজম প্রকাশিত হয় ২০২৪ সালে।

—জা. অর্থনীতি/এআইই