নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) চতুর্থ শ্রেণির কর্মচারী টরিক আহমেদকে চাকরিচ্যুত করা হয়েছে। সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাসায় তাকে দেখতে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নগরীর দেওভোগ এলাকায় ডা. আইভীর পাশের বাসার বাসিন্দা কামাল আহমেদের ছেলে টরিক আহমেদ নাসিকে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। টরিক জানান, দীর্ঘদিন পর জেল থেকে মুক্তি পাওয়া প্রতিবেশী আইভীকে দেখতে গত বুধবার রাতে তিনি তার বাসায় যান। পরবর্তীতে সেই সাক্ষাতের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান তাকে ডেকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। টরিক বিষয়টি অস্বীকার না করে প্রতিবেশী হওয়ার কারণেই সেখানে গিয়েছিলেন বলে জানান। জবাবে প্রশাসক তাকে 'সাবেক মেয়র আইভীর কাছ থেকেই বেতন নিতে' বলে চাকরিচ্যুত করেন।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন নাসিক প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, "টরিক মূলত নাসিকের অধীন একটি ব্যাংকের এজেন্ট শাখায় চাকরি করতেন এবং সিটি করপোরেশনে শুধু হাজিরা দিয়ে চলে যেতেন। এই অনিয়মের কারণেই তাকে চাকরিচ্যুত করা হয়েছে, সাবেক মেয়রের সঙ্গে সাক্ষাতের কারণে নয়।"
স্থানীয়দের মধ্যে অবশ্য এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকের মতে, ছবি প্রকাশের পরপরই এই দ্রুত চাকরিচ্যুতির ঘটনা নিছক কাকতালীয় নয়।
—জা. অর্থনীতি/এলএটি