ঠাকুরগাঁও প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা কামাল আনোয়ার আহাম্মদ।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে দ্বিতীয় সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে কামাল আনোয়ারকে।
কামাল আনোয়ার আহাম্মদ রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বাসিন্দা। কেন্দ্রীয় কমিটিতে তার পদ পাওয়ার খবরে ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আনন্দিত নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন। শুক্রবার সন্ধ্যায় রাণীশংকৈল উপজেলা যুবদলের নেতাকর্মীরা এক আনন্দ মিছিল বের করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন, সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম, পৌর যুবদলের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মোমিন হোসেনসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
তৃণমূল থেকে উঠে আসা কামাল আনোয়ার ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ঢাকা কলেজ ছাত্রদল শাখার সাধারণ সম্পাদক ও পরবর্তীতে আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এরপর ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবেও তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ১১ বার কারাবরণ করেন এবং তার বিরুদ্ধে প্রায় ৭৯টি মামলা রয়েছে।
রাণীশংকৈল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম বলেন, "কামাল আনোয়ার ভাই রাজনৈতিক জীবনে অনেক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। তাকে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে মূল্যায়ন করায় আমরা ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত।"
উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন জানান, "কামাল আনোয়ার ভাই আমাদের রাণীশংকৈলের গর্ব। দীর্ঘ প্রতিকূলতার মাঝেও তিনি দলের জন্য নিবেদিত ছিলেন। যোগ্যতার সঠিক মূল্যায়ন করায় আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।"
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় কামাল আনোয়ার আহাম্মদ বলেন, "আমাকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মূল্যায়নে দলের প্রতি আমার দায়িত্ব আরও বেড়ে গেল। ছাত্রজীবন থেকেই দলের আদর্শ বুকে ধারণ করে কাজ করেছি, আগামীতেও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে সক্রিয় থাকব।"
—জা. অর্থনীতি/এলএটি