ঠাকুরগাঁও প্রতিনিধি: চাঁদাবাজির একটা প্রমাণ দিতে পারলে চিরজীবনের জন্য রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন।
রোববার (৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিপক্ষ প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা মো. দেলাওয়ার হোসেনের বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি এসব কথা বলেন।
মির্জা ফয়সল আমিন বলেন, আপনারা ডোনেশন নিয়ে মানুষকে বিভিন্ন সাহায্য দিয়ে সেটাকে ডোনেশন বলেন, আর বিএনপি নেতারা দিলে তা চাঁদাবাজি হয়ে যায়। মানুষ বিভ্রান্ত করতে এসব প্রপাগান্ডা চালানো বন্ধের আহ্বান জানান তিনি।
প্রতিপক্ষ জামায়াত প্রার্থীর বিষয়ে তিনি বলেন, বিএনপি হিংসা বা চরিত্র হননের রাজনীতি বিশ্বাস করে না। সাবেক নির্বাচনে বড় ভাই মির্জা ফখরুল প্রতিপক্ষকে ‘ভালো ছেলে’ বলেছিলেন, তার মানে এই নয় যে তিনি কাউকে এমপি বানিয়ে দিতে চেয়েছেন। জামায়াতের রাজনীতি নিয়ে খোঁচা দিয়ে তিনি বলেন, তারা গত নির্বাচনে ভোটের জন্য ‘বেহেশতের টিকিট’ বিক্রি করেছিল, কিন্তু কাজের মাধ্যমে বিশ্বকে সুন্দর করাই আসল লক্ষ্য হওয়া উচিত।
নির্বাচনকালীন মতবিনিময় সভায় জেলা বিএনপির সহসভাপতি মো. আলম, ঠাকুরগাঁও সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুসসহ স্থানীয় ও সুগার মিলের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি