শিশু ধর্ষণের অভিযোগে গ্রাম্য ডাক্তার আটক
জাতীয় অর্থনীতি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আফতাব নামের এক গ্রাম্য ডাক্তারকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী তার দাদির জন্য ওষুধ আনতে ডাক্তার আফতাবের দোকানে যায়। সে সময় কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি তাকে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটকে রাখে। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে মনে হচ্ছে। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, সংবাদ পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


—জা. অর্থনীতি/এলএটি