জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ৬ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামের আনছার আলীর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বিকেল ৫টার দিকে তারা নিখোঁজ হয়।
নিহতরা হলো— রায়ের বাকাই গ্রামের আব্দুর রফিকের ছেলে আল নাফি (৮) এবং একই গ্রামের মঞ্জু মিয়ার ছেলে মো. রিফাত (৮)। তারা স্থানীয় একটি মাঠে ফুটবল খেলা শেষে গোসল করতে ওই পুকুরে গিয়েছিল।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেল ৫টার পর দুই শিশু বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাতের দিকে পুকুরপাড়ে তাদের জুতা দেখতে পেয়ে স্থানীয়রা পুকুরে নামেন। পরে পানির নিচ থেকে দুই শিশুকে গলাগলি অবস্থায় উদ্ধার করে তীরে আনা হলে তারা মৃত বলে নিশ্চিত হওয়া যায়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
—জা. অর্থনীতি/এলএটি