আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি ঘোষণার পর বিশ্ববাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানির মূল্য।
সোমবার (১৫ জুন) এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর প্রতি ব্যারেলে ৩ দশমিক ৯ শতাংশ দাম কমেছে অপরিশোধিত ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড তেলের। বর্তমানে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৮৪ ডলারে।
দাম কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের অপর ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও (ডব্লিউটিআই)।
সিএনএন বলছে, ট্রাম্পের ঘোষণার পর এই ব্র্যান্ডটির তেলের দাম কমেছে ৪ দশমিক ৮ শতাংশ। প্রতি ব্যারেল ডব্লিউটিআই বর্তমানে বিক্রি হচ্ছে ৮১ ডলারে।
এর আগে রোববার (১৪ জুন) সন্ধ্যার দিকে ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ঘোষণা দেন, ইরানের সঙ্গে যুদ্ধাবসান চুক্তি হয়ে গেছে এবং আগামী ১৯ জুন সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হবে।
এই ঘোষণার পর থেকেই কমতে শুরু করে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।
জ্বালানি তেলের বাজার বিশ্লেষণকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা জানান, গত ৪ মার্চের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এলো।
জ্বালানি তেলের বাজার বিশ্লেষণকারী সংস্থা র্যাপিডান অ্যানার্জির প্রেসিডেন্ট বব ম্যাকনেলি মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যেদিন যুদ্ধ শুরু হলো, সে সময় আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ৭০ ডলারের আশেপাশে। যুদ্ধের পর তা বাড়তে শুরু করে এবং এক পর্যায়ে ১০০ ডলার ছাড়িয়ে যায়।
—জা. অর্থনীতি/এনজে
