‘অমানবিক কাজে আমার গান ব্যবহার করবেন না’

বিনোদন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একটি প্রচারণামূলক ভিডিওতে নিজের জনপ্রিয় গান ব্যবহার করায় তীব্র আপত্তি জানিয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। 

সম্প্রতি হোয়াইট হাউজের টিকটক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওটিতে দেখা যায়, সীমান্তরক্ষী বাহিনী কয়েকজন ব্যক্তির হাতে হ্যান্ডকাফ পরাচ্ছে। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আরিয়ানা গ্রান্ডের ২০২৪ সালের জনপ্রিয় গান ‘বাই’ ব্যবহার করা হয়। 

পোস্টটির ক্যাপশনে লেখা ছিলো, ‘বাই-বাই... প্রেসিডেন্ট ট্রাম্প ইতিহাসের সবচেয়ে নিরাপদ সীমান্ত নিশ্চিত করেছেন।’ 

এরপর ভিডিওটি নজরে আসার পর আরিয়ানা গ্রান্ডে সেখানে মন্তব্য করেন। তিনি লেখেন, ‘দয়া করে এই বর্বর, অমানবিক ও জঘন্য অর্থহীন কাজের সঙ্গে আমার গান ব্যবহার করবেন না।’ 

এদিকে, মার্কিন পপ তারকার এমন মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন মার্কিন গণমাধ্যমকে বলেন, ‘প্রকৃতপক্ষে বর্বর, অমানবিক ও জঘন্য বিষয় হলো সেইসব অপরাধী অবৈধ অভিবাসীরা, যারা নিরীহ আমেরিকান নাগরিকদের আহত ও হত্যা করেছে।’ 

অন্যদিকে, গ্রান্ডের মন্তব্য প্রকাশের কিছু সময় পর ভিডিওটির শব্দ বন্ধ করে দেওয়া হয় এবং তার মন্তব্যও সরিয়ে ফেলা হয়। পরে অনেক ব্যবহারকারী মন্তব্য করে জানান, গ্রান্ডের মন্তব্য আর দেখা যাচ্ছে না এবং ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিকও মিউট করা হয়েছে। 

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডা বা নীতি প্রচারের কাজে নিজেদের গান ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া তারকাদের মধ্যে শুধু আরিয়ানা গ্রান্ডেই নয়; এর আগেও একাধিক জনপ্রিয় সংগীতশিল্পী ট্রাম্প শিবিরের বিরুদ্ধে একই ধরণের অভিযোগ এনেছেন। 

—জা. অর্থনীতি/এনএ