স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার হলেন বিশ্বের প্রথম খেলোয়াড়, যিনি জাতীয় দলে ডাক পেয়েও ‘রিমোটলি’ বা দূর থেকে কাজ করছেন। চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমারকে নিয়ে ঠিক এভাবেই রসিকতা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
শুক্রবার (১৯ জুন) ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বেলো হরিজন্তের একটি হাসপাতালে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন লুলা। সেখানে এক শিশু নেইমারের প্রসঙ্গ তুললে ৮০ বছর বয়সী লুলা হাসতে হাসতে বলেন, "নেইমার? সে তো খেলছেই না! নেইমারই জাতীয় দলের প্রথম খেলোয়াড়, যে কি না রিমোটলি কাজ করছে।"
ডান পায়ের পেশির চোট কাটিয়ে চলতি সপ্তাহে বিশ্বকাপ স্কোয়াডের অনুশীলনে ফিরেছেন ৩৪ বছর বয়সী নেইমার। তবে ফিটনেস সমস্যার কারণে মরক্কোর বিপক্ষে দলের প্রথম ম্যাচ (১-১ ড্র) এবং হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে (৩-০ জয়) মাঠে নামতে পারেননি তিনি। মূলত মে মাসের শেষের দিকে চোটে পড়ার পর থেকে মাঠের বাইরে আছেন বার্সেলোনা, পিএসজি ও আল হিলালের সাবেক এই তারকা। এমনকি চোট ও ফিটনেস সমস্যার কারণে এ বছর নিজের ক্লাব সান্তোসের হয়েও প্রায় অর্ধেক ম্যাচ মিস করেছেন তিনি।
ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি এবং তার কোচিং স্টাফরা ব্রাজিলের এই রেকর্ড গোলদাতাকে মাঠে ফেরানোর ব্যাপারে কোনো তাড়াহুড়ো করতে চান না। কারণ, এখন বাড়তি ঝুঁকি নিলে টুর্নামেন্টের পরের দিকের গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচগুলোতে তাকে হারানোর শঙ্কা থেকে যাবে। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে দেশের হয়ে আর কোনো ম্যাচ না খেললেও, গত বুধবার থেকে সতীর্থদের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করেছেন নেইমার।
ব্রাজিলের গত তিনটি বিশ্বকাপ দলেরই অপরিহার্য অংশ ছিলেন নেইমার। তবে বারবার চোটে পড়ার কারণে এবার বিশ্বকাপ স্কোয়াডে তার অন্তর্ভুক্তি নিয়ে ফুটবল মহলে কিছুটা বিস্ময় ছিল। আগামী ২৪ জুন মিয়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচে নেইমারকে মাঠে দেখা যাবে কি না, সেটাই এখন দেখার বিষয়।
—জা. অর্থনীতি/এলএটি