বিশ্বকাপের ইতিহাসের হাজারতম ম্যাচ শুরু, এগিয়ে জাপান
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ইতিহাসে ১০০০তম ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। ঐতিহাসিক এই ম্যাচে মুখোমুখি হয়েছে জাপান ও তিউনিসিয়া। শুরুতেই গোল পেয়ে ম্যাচে দারুণভাবে এগিয়ে গেছে জাপান।

ম্যাচ শুরুর মাত্র ৪ মিনিটেই গোল করেন জাপানের মিডফিল্ডার দাইচি কামাদা। তার নিখুঁত ফিনিশিংয়ে দ্রুতই লিড পায় এশিয়ার শক্তিশালী দলটি। শুরুতেই গোল হজম করে চাপে পড়ে যায় তিউনিসিয়া।

ফুটবল ইতিহাসে বিশেষ এই ম্যাচটি ঘিরে রয়েছে আলাদা গুরুত্ব। ১৯৩০ সালে মেক্সিকো-ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ দিয়ে যে বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল, তা এখন পৌঁছেছে ১০০০তম ম্যাচের মাইলফলকে। সময়ের সঙ্গে সঙ্গে টুর্নামেন্টও বেড়েছে বিস্তৃত হয়েছে শুরুর ১৩ দল থেকে এখন অংশ নিচ্ছে ৪৮টি দেশ।

মন্টেরের স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয়। দর্শকরাও সাক্ষী হচ্ছেন ফুটবল ইতিহাসের একটি বিশেষ অধ্যায়ের।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে ২-২ গোলে ড্র করেছিল জাপান। অন্যদিকে তিউনিসিয়া তাদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে বড় ব্যবধানে হেরে যায়। ফলে এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামে দলটি।

—জা. অর্থনীতি/এএইচএ