নাতি জন্মানোর আনন্দে ঘোড়ার গাড়িতে মিষ্টি বিলালেন নানা
ছবি: জাতীয় অর্থনীতি

নাটোর প্রতিনিধি: নাটোরে দীর্ঘ ১২ বছর পর একমাত্র মেয়ের ঘরে পুত্রসন্তান জন্ম নেওয়ায় আনন্দে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে গ্রাম ঘুরে ৩ হাজার পিস মিষ্টি বিতরণ করেছেন নানা মো. হান্নান। ছেলে সন্তানের দীর্ঘদিনের আশা একমাত্র নাতির মাধ্যমে পূরণ হওয়ায় তিনি আত্মীয়স্বজন ও গ্রামবাসীর সাথে এই আনন্দ ভাগাভাগি করেছেন। 

বুধবার (২৪ জুন) সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের জোরমল্লিকা গ্রামে ব্যান্ড পার্টি ও সুসজ্জিত ঘোড়ার গাড়ি নিয়ে এই ব্যতিক্রমী আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়— জোরমল্লিকা গ্রামের বাসিন্দা মো. হান্নান, তার একমাত্র মেয়ে পান্না খাতুন, জামাতা মনির হোসেন এবং সাত মাস বয়সী নাতি আব্দুর রহমান বিন মুসালিন।

জানা গেছে, প্রায় ১৩ বছর আগে মো. হান্নানের একমাত্র মেয়ে পান্না খাতুনের সাথে মনির হোসেনের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি কন্যাসন্তান জন্ম নেয়। এরপর দীর্ঘ ১২ বছর তাদের ঘরে আর কোনো সন্তান হয়নি।

সম্প্রতি তাদের ঘরে একটি পুত্রসন্তানের জন্ম হলে নানা হান্নান আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তিনি নাতিকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বসিয়ে ব্যান্ড পার্টিসহ পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেন। ব্যতিক্রমী এ মিষ্টি বিতরণের আয়োজনটি স্থানীয় এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

—জা. অর্থনীতি/এলএটি