মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা অফিসের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার বামন্দি বাজারে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ভোক্তা ও বিক্রেতাদের সচেতন করার পাশাপাশি কেউ যেন কারও সাথে প্রতারণা না করে, সেই বিষয়ে গুরুত্ব দিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বামন্দি বাজার কমিটির সভাপতি আব্দুল আওয়াল বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন— জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক মামুনুল হাসান, জেলা কৃষি বিপনন কর্মকর্তা তারিকুল ইসলাম, মেহেরপুর চেম্বার অব কমার্সের সদস্য আনারুল ইসলাম কালু, কনজুম্যার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গাংনী উপজেলা সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা এবং বিশিষ্ট ব্যবসায়ী হাজী মতিয়ার রহমানসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা সকলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্রেতা এবং ভোক্তা। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সততা বজায় রাখা এবং ভোক্তাদের অধিকার ক্ষুণ্ণ না করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি আমাদের সকলের উচিত কেউ কারো সাথে প্রতারণা না করা।
—জা. অর্থনীতি/এলএটি