মাদ্রাসায় ২ শিশু বলাৎকারের অভিযোগ, অভিযুক্তের শাস্তির দাবি
ছবি সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত সানজু বকসীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলানীপাড়া ইবতেদায়ী মাদ্রাসা মাঠসংলগ্ন সড়কে মসজিদ কমিটি ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা "সারা বাংলার খবর দে, ধর্ষকদের কবর দে" স্লোগান দিয়ে দুই ভুক্তভোগী শিশু শিক্ষার্থীর ওপর সংঘটিত যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সানজু বকসীর দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

অভিযোগ সূত্রে জানা যায়, গত এক মাসে মাদ্রাসার ২ শিশু শিক্ষার্থী একাধিকবার যৌন নির্যাতনের শিকার হয়েছে। অভিযুক্ত সানজু বকসী বামনডাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামের মৃত জয়নাল বকসীর ছেলে। তিনি বামনডাঙ্গা ইউনিয়ন শ্রমিক লীগের সেক্রেটারি। এছাড়া তিনি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মো. লুৎফর রহমান বকসীর বড় ভাই।

স্থানীয়দের দাবি, সানজু বকসী মাদ্রাসার কোনো শিক্ষক বা পরিচালনা কমিটির সদস্য নন। তবে বিভিন্ন সময়ে মাদ্রাসার বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকায় সেখানে তার নিয়মিত যাতায়াত ছিল।

মাদ্রাসার শিক্ষক নুর আলম বলেন, ঘটনার সময় আমি ছুটিতে ছিলাম। পরে মাদ্রাসায় এসে বিষয়টি জানতে পেরে পরিচালনা কমিটিকে অবহিত করেছি।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আশরাফ বকসী বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্তকে ডাকা হলেও তিনি উপস্থিত হননি।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এ ঘটনায় মামলা করতে থানায় গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মামলা গ্রহণ না করে স্থানীয়ভাবে সমঝোতার পরামর্শ দেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

—জা.অর্থনীতি/এনজে