নিজস্ব প্রতিবেদক: মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
শনিবার (২৪ অক্টোবর) সকালে আগারগাঁওতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দেন মন্ত্রী। এতে সারাদেশ থেকে আসা প্রায় ৩০০ ইমাম ও খতিব অংশ নেন।
অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি জানান, মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে এমন গর্হিত কাজ না হয়, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে অধিবেশনে সারা দেশ থেকে আসা ইমামদের উদ্যেশ্যে তিনি বলেন, কেউ উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি যেন বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ইমামদের জুমার খুতবায় মাদক, সন্ত্রাসেরসহ নানা অপকর্মের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখতে হবে- কারণ সমাজে ইমাম সমাজের একটি গ্রহণযোগ্যতা রয়েছে।
এ সময় বেতন ভাতা বৃদ্ধির দাবিসহ, নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন ইমাম সমিতির নেতৃবৃন্দ।
—জা. অর্থনীতি/এনজে