ময়লার স্তূপ থেকে পুলিশের সোর্সের মরদেহ উদ্ধার
ছবি সংগৃহীত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে সড়কের পাশে থাকা ময়লার স্তূপ থেকে দিগন্ত (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, নিহত ওই যুবক তাদের ‘সোর্স’ হিসেবে কাজ করতেন। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সোমবার (২৯ জুন) সকালে নরসিংদী-মদনপুর সড়কের মাধবদীর খরমদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দিগন্ত শেখেরচর এলাকার শফিকুর রহমানের ছেলে। সে পরিবার নিয়ে মাধবদীর বিরামপুরে ভাড়া বাসায় থাকত।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানান, রোববার বিকেলে মোবাইলে কারও সাথে কথা বলে বাসা থেকে বের হয় দিগন্ত। এরপর সে আর বাড়ি ফেরেনি। রাতে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। সোমবার সকালে নরসিংদী-মদনপুর সড়কের পাশে খরমদী এলাকায় ময়লার স্তূপে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে দিগন্তের মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি জানান, খবর পেয়ে প্রাথমিক সুরতহাল শেষে দিগন্তের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সে পুলিশের সোর্স হিসেবে কাজ করত উল্লেখ করে ওসি জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি