নারায়ণগঞ্জে ফল চাষে বৈচিত্র্য আনার আহ্বান জেলা প্রশাসকের
ছবি: জাতীয় অর্থনীতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে  'জাতীয় ফল মেলা ২০২৬'-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির এ মেলা উদ্বোধন করেন। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি। 

এ সময় তিনি দেশের ফল চাষে বৈচিত্র্য আনতে এবং দেশীয় ও উচ্চমূল্যের বিভিন্ন ফলের উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি বলেন, ফল উৎপাদন বৃদ্ধি ও নতুন নতুন জাতের ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষির উন্নয়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

পরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন বিভিন্ন জাতের শাক-সবজির বীজ, রাসায়নিক সার, গাছের চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ, নারায়ণগঞ্জের প্রশাসক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, সামাজিক ও রাজনৈতিক নেতা, ফলমেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা এবং বিপুল সংখ্যক দর্শনার্থী।

মেলায় জেলার বিভিন্ন উদ্যোক্তা ও কৃষক তাদের উৎপাদিত দেশীয় ও মৌসুমি ফল প্রদর্শন করেন।

আয়োজকদের আশা, এ ধরনের আয়োজন ফল চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ ফল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

—জা.অর্থনীতি/এনজে