মাছের ঘেরে তরমুজ চাষ, তরুণের সাফল্যে অনুপ্রাণিত অন্যরা (ভিডিও)
ছবি: জাতীয় অর্থনীতি

জাতীয় অর্থনীতি ডেস্ক: চাকরির পেছনে না ছুটে কৃষিকাজকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন এক তরুণ। পুকুরে মাছ চাষের পাশাপাশি মাচায় তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রমজান আলী।

উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গৌরবরদী গ্রামের কৃষক রমজান আলী প্রায় সাত বিঘা জমিতে ‘তৃপ্তি’ ও ‘কালাচাঁন’ জাতের তরমুজের আবাদ করেছেন। ছোটবেলা থেকেই কৃষির প্রতি আগ্রহ থাকায় কৃষি বিভাগের প্রশিক্ষণ ও ইউটিউব থেকে কৌশল শিখে ফল উৎপাদনে সফল হন। শুরু করেন মালচিং পদ্ধতিতে টমেটো ও চিচিঙ্গা চাষ দিয়ে, পরে তরমুজের পাশাপাশি পুকুরপাড়ে করলা ও লাউ চাষ করেন।

 

কৃষি বিভাগ বলছে, রমজান আলীর মতো উদ্যোগী কৃষকরা এগিয়ে এলে দেশের কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি তরুণেরাও স্বাবলম্বী হয়ে উঠবেন। সার, বীজসহ নিয়মিত পরামর্শ দিয়ে রমজান আলীকে সহযোগিতা করা হচ্ছে।

তরমুজ একটি উচ্চমূল্যের ও লাভজনক ফসল। কম খরচে দুই মাসের মধ্যে এটি চাষ করে ভালো আয় করা সম্ভব।

রমজান আলীর উৎপাদিত তরমুজ এখন রাজধানীর যাত্রাবাড়ী ও গাউছিয়া এলাকার কাঁচাবাজার এবং ফলের আড়তে বিক্রি হয়।

তার এই সাফল্য দেখে এলাকার তরুণসহ অন্যান্য কৃষকরাও আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উদ্বুদ্ধ হচ্ছেন।  

—জা. অর্থনীতি/এলএটি