দেশে নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠনের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: দেশে নতুন আরও তিনটি উপজেলা এবং একটি নতুন থানা গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে দেশে মোট উপজেলার সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ৪৯৮টিতে এবং থানার সংখ্যা উন্নীত হচ্ছে ৬৪০টিতে। একই সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর অংশের এলাকাগুলোকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে অনুমোদিত নতুন প্রশাসনিক ইউনিটগুলোর বিস্তারিত তথ্য জানানো হয়। এগুলো হলো: চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন ‘হালদা থানা’ প্রতিষ্ঠা করা হবে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন একটি উপজেলা গঠন করা হবে, কুমিল্লার বর্তমান মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা গঠন করা হচ্ছে। এছাড়া ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা গঠিত হবে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, নতুন থানা ও উপজেলা গঠন ছাড়াও রাজউকের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলাভুক্ত অংশগুলোকে এখন থেকে ঢাকা জেলার ভৌগোলিক ও প্রশাসনিক অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।

জা.অর্থনীতি/এসআই