চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা শহরের মাছপট্টি কবরস্থানের সামনে থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বুধবার (১ জুলাই) সকালে পরিত্যক্ত অবস্থায় বস্তুটি উদ্ধার করা হয়, যা নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মাছপট্টির আড়তে প্রতিদিনের মতো মাছ কেনাবেচা চলছিল। এ সময় কবরস্থানের সামনে লাল স্কচটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে ব্যবসায়ীরা পুলিশে খবর দেন।
খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি কর্ডন করে এবং সতর্কতার সঙ্গে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়।
ওসি বলেন, “বস্তুটি প্রকৃতপক্ষে কোনো বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।”
—জা. অর্থনীতি/এলএটি