চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: জাতীয় অর্থনীতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি: সুনির্দিষ্ট লাইসেন্স ও অনুমোদন ছাড়া অবৈধভাবে এলপিজি গ্যাস বিক্রির দায়ে চুয়াডাঙ্গায় 'মেসার্স মল্লিক গ্যাস ঘর' নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর কলেজ রোড এলাকায় তদারকি অভিযান চালিয়ে এ প্রশাসনিক জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পৌর কলেজ রোড এলাকায় বাজার তদারকি ও তদারকিমূলক বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে অনুমোদনহীনভাবে অবৈধ উপায়ে গ্যাস মজুত ও বিক্রির অপরাধে ব্যবসায়ী মুক্তাজুর রহমান মল্লিকের প্রতিষ্ঠান 'মেসার্স মল্লিক গ্যাস ঘর'-কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জরিমানা আদায়ের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সকল লাইসেন্স হালনাগাদ করে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা এবং অবৈধ মজুতদারি বন্ধের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অভিযানকালে সাধারণ ব্যবসায়ীদের ধার্যকৃত যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় নিশ্চিতকরণ এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ভেজাল ওষুধ ও শিশুখাদ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত উক্ত তদারকি অভিযানে ভোক্তা অধিকার সংস্থা 'ক্যাব'-এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের ভেজাল ও অবৈধ মজুতবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।  

—জা. অর্থনীতি/এলএটি