বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদেশ ও মরক্কো

অনলাইন ডেস্ক: বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগ গড়ার প্রস্তাব দিয়েছে মরক্কো। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও উচ্চপর্যায়ের সফর সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে অঙ্গীকার ব্যক্ত করেছে দুই দেশ।

বুধবার (১ জুলাই) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা আল কেরদুদি আল কুলালি এ প্রস্তাব দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে মরক্কোর রাষ্ট্রদূত বলেন, মরক্কোর কৌশলগত ভৌগোলিক অবস্থান আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে। এই সুবিধাজনক অবস্থানকে কাজে লাগিয়ে বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে দুই দেশের মধ্যে সম্ভাবনাময় যৌথ উদ্যোগ গড়ে তোলা যেতে পারে।

তিনি আরও জানান, দক্ষ ও অর্ধদক্ষ বাংলাদেশি জনশক্তি নিয়োগে মরক্কো বিশেষভাবে আগ্রহী এবং সব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে মরক্কো প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে বাংলাদেশ ও মরক্কোর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়। নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করতে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত।

জা.অর্থনীতি/এসআই