চট্টগ্রাম প্রতিনিধি: অনুষ্ঠিত হলো চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হকের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে মিরসরাই টিডিসি হলে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
মিরসরাই উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শেখ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মহিউদ্দীন জিলানি। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন— প্রধান শিক্ষক আবুল হোসেন, মীর সাইফুদ্দিন, মাজহারুল ইসলাম চৌধুরী, রাশেদা বানু, সহকারী শিক্ষক নাছির উদ্দিন পিন্টু, মো. নাঈম উদ্দিন, জসীম উদ্দীন এবং রাশেদুল ইসলাম আরিফ প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী উপজেলা শিক্ষা অফিসারকে ফুল ছিটিয়ে ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে পুষ্পসিক্ত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
—জা. অর্থনীতি/এলএটি