ফিফার সুবিধা নিয়ে বিতর্ক, মুখ খুললেন স্কালোনি
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে দীর্ঘদিন ধরেই একটি অভিযোগ শোনা যায়—বড় আসরে দলটি নাকি রেফারি বা আয়োজকদের কাছ থেকে বিশেষ সুবিধা পেয়ে থাকে। কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর হাইভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই বিতর্কই ধেয়ে যায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্ক্যালোনির দিকে। তবে এমন অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্ক্যালোনিকে প্রশ্ন করা হয়—ফিফা কি সত্যিই আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে? জবাবে কিছুটা ক্ষোভ প্রকাশ করে স্ক্যালোনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মুখরোচক দাবি ছড়িয়ে পড়ে, কিন্তু সেগুলোর কোনো সত্যতা নেই। তার মতে, দল টানা জিততে থাকলে ঈর্ষান্বিত হয়ে অনেকেই এমন অবান্তর অভিযোগ সামনে আনে।

স্ক্যালোনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে যে কেউ যা খুশি লিখতে বা বলতে পারে, আর সেগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। তাই এ ধরনের গুজবে খুব বেশি মনোযোগ দেওয়া উচিত নয়। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকা প্রয়োজন। কারণ দল জিতলেই অনেকে এই সুবিধা পাওয়ার অজুহাত তোলে।”

আর্জেন্টিনা কোচ জোর দিয়ে বলেন, দলের এই সাফল্যের পেছনে কোনো বিশেষ অনুকম্পা বা সুবিধা নয়, বরং সবার কঠোর পরিশ্রমই একমাত্র মূল কারণ। লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো—সবার সম্মিলিত ও নিরলস প্রচেষ্টায় বর্তমান অবস্থানে পৌঁছেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

উল্লেখ্য, সম্প্রতি গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে অধিনায়ক লিওনেল মেসির একটি ফাউলের ঘটনায় রেফারি কার্ড না দেখানোকে কেন্দ্র করে নতুন করে এই বিতর্কের সৃষ্টি হয়। আলজেরিয়া এই বিষয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর পর থেকেই আর্জেন্টিনাকে নিয়ে বিশেষ সুবিধা পাওয়ার আলোচনাটি ফুটবল বিশ্বে আরও জোরালো হয়েছে।

সব বিতর্ক পেছনে ফেলে বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় মায়ামির মাঠে কেপ ভার্দের বিপক্ষে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

—জা. অর্থনীতি/এলএটি