জমকালো আয়োজনে কড়া নিরাপত্তায় বিয়ে সারলেন টেইলর-ট্রাভিস

বিনোদন ডেস্ক: লম্বা অলোচনা, নানা মতামত ও বিভিন্ন গুজবকে পাশ কাটিয়ে অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হলো। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কড়া নিরাপত্তায় রাজকীয় আয়োজনে বিয়ে করেছেন পপ সঙ্গীতের বিশ্বমঞ্চের উজ্জ্বল নক্ষত্র টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসি। জমকালো এ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউডের অসংখ্য তারকা। টেইলর সুইফটের দীর্ঘদিনের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

টেলরের মুখপাত্র জানান, প্রচলিত নিয়ম ভেঙে তাদের বিয়েতে কনে বা বরের বন্ধুদের কোনো দল ছিল না। অর্থাৎ, সাধারণত কনের পাশে যে 'ব্রাইডসমেইড' এবং বরের পাশে যে 'গ্রুমসমেন' নামের একঝাঁক বন্ধু-বান্ধব থাকেন, এই বিয়েতে তেমন কাউকে দেখা যায়নি। 

ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এই বিয়ের আয়োজনকে অনেকেই 'শতাব্দীর সেরা বিয়ে' বলে আখ্যা দিচ্ছেন। বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টম ব্র্যাডি, স্টিভেন স্পিলবার্গ, হিউ গ্রান্ট, ক্রিস রক, ব্র্যাডলি কুপার, জিজি হাদিদ, জেসন সুডেকিস এবং বেনসন বুনের মতো তারকারা। 

বিয়েতে অতিথিদের গোপনীয়তা রক্ষায় কালো রঙের এসইউভি গাড়ি ও বিশাল তাঁবু ব্যবহার করা হয়। আর সবচেয়ে নজর কাড়ে যে বিষয়টি, সেটি হলো- এদিন ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে বড় পর্দায় 'জাস্ট অ্যান্ড টি ম্যারিড' (JUST&T MARRIED!) লেখা প্রদর্শন করা হয়। 

জমকালো আয়োজনে বিয়ে হলেও টেলর সুইফট ও ট্রাভিস কেলস-এর কোনো যুগলবন্দি ছবি প্রকাশ হতে দেখা যায়নি। তবে, টেলরের মুখপাত্র জানান, এদিন তারা ফরাসি ব্র্যান্ড ক্রিশ্চিয়ান ডিওরের ডিজাইন করা পোশাক পরেছিলেন। পোশাক তৈরিতে সরাসরি যুক্ত ছিলেন ডিওরের ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন। এ ছাড়া, তাদের জুতো ছিল ক্রিশ্চিয়ান লুবোটিনের তৈরি এবং সুইফট কার্টিয়ার ব্র্যান্ডের গহনা পরেছিলেন। 

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরগুলোতে বলা হয়েছে, এই মেগা ইভেন্টের কারণে ম্যানহাটনের ব্যস্ততম রাস্তাগুলো যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। সে সময় নিউইয়র্কের তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস! তীব্র গরম উপেক্ষা করেও প্রিয় তারকাকে একনজর দেখতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে হাজার হাজার ভক্ত ভিড় জমান। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হয়। 

উল্লেখ্য, ২০২৩ সালে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের প্রেমের সম্পর্কের সূচনা হয় এবং গত আগস্টে ইনস্টাগ্রামে যৌথ পোস্টের মাধ্যমে তারা বাগদানের ঘোষণা দেন। ম্যাডিসন স্কয়ার গার্ডেনের মতো একটি ভেন্যু ভাড়া করতে তাদের কয়েক কোটি ডলার খরচ করতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, বিয়ের উৎসব শুরুর আগেই এই যুগল ২০টির বেশি দাতব্য সংস্থায় ২৬ মিলিয়ন ডলার দান করেছেন। 

—জা. অর্থনীতি/এনএ