ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে (ইউএন-কপস) অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

রোববার (৫ জুলাই) রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে তার। আগামী ১২ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

আগামী ৭ ও ৮ জুলাই দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিতব্য ‘ইউএন-কপস’ সম্মেলনের উদ্বোধনী পর্বসহ বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন। এবারের সম্মেলনে তিনটি গুরুত্বপূর্ণ প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে: জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা, জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি, আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি। এছাড়া সম্মেলনের সাইডলাইন ইভেন্ট হিসেবে আয়োজিত একটি উচ্চপর্যায়ের নৈশভোজেও তিনি অংশ নেবেন।

নিউইয়র্কে অবস্থানকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এর মধ্যে রয়েছেন: আন্ডার সেক্রেটারি জেনারেল (অপারেশনাল সাপোর্ট) অতুল খারে, আন্ডার সেক্রেটারি জেনারেল (পিস অপারেশনস) জঁ-পিয়েরে লাক্রোয়া, আন্ডার সেক্রেটারি জেনারেল (পলিটিক্যাল ও পিস বিল্ডিং) রোজমেরি এ. ডিকার্লো। এছাড়াও তিনি সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

জা.অর্থনীতি/এসআই