এক সপ্তাহে ১২ হাজার অবৈধ অভিবাসী ফেরত পাঠালো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে দেশজুড়ে কঠোর অভিযানের অংশ হিসেবে গত এক সপ্তাহে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ১২ হাজার ২৯২ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সঙ্গে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন আরও ২৭ হাজারেরও বেশি মানুষ। গতকাল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে মোট ২৭ হাজার ৪৪৫ জন অভিবাসী যার মধ্যে ২৫ হাজার ৪১২ জন পুরুষ এবং ২,০৩৩ জন নারী আবাসন ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে চূড়ান্ত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

বহিষ্কারের পূর্বপ্রস্তুতি হিসেবে ১৬ হাজার ৯১২ জন লঙ্ঘনকারীকে ট্রাভেল পারমিট বা আউটপাস সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ৪,১৭৪ জনকে বিমান টিকিট বুকিং সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে স্থানান্তর করা হয়েছে।

গত ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সৌদি নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে মোট ১৫ হাজার ৫৯১ জন আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে: আবাসন বা ইকামা আইন লঙ্ঘন ৭,৭৫৯ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন ৪,৪৮৮ জন এবং শ্রম আইন লঙ্ঘন ৩,৩৪৪ জন।

বিবৃতিতে জানানো হয়েছে, গত এক সপ্তাহে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১,৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনুপ্রবেশকারীদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ান, ৪৬ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টাকালে আরও ৫৮ জনকে আটক করা হয়। অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের সুযোগ দেওয়ার অভিযোগে গত সপ্তাহে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কোনো অনুপ্রবেশকারী বা অবৈধ অভিবাসীকে যেকোনো ধরনের সহায়তা, পরিবহন বা আশ্রয় দেওয়া একটি গুরুতর অপরাধ। এই অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

সূত্র: গালফ নিউজ

জা.অর্থনীতি/এসআই