জিয়ালা গাছের ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ
ছবি: জাতীয় অর্থনীতি

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়ীয়া গ্রামে খেলতে গিয়ে কাঠবাদাম ভেবে জিয়ালা গাছের ফল খেয়ে ৩ থেকে ১২ বছর বয়সী অন্তত ১৪ শিশু অসুস্থ হয়ে পড়েছে। অতিরিক্ত পেটে ব্যথা ও বমি হওয়ায় ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

সোমবার (৬ জুলাই) চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসার মাধ্যমে শিশুরা সুস্থ হয়ে উঠছে এবং তারা আশঙ্কামুক্ত রয়েছে। এর আগে রবিবার (৫ জুলাই) বিকেলে খেলার সময় শিশুরা সড়কের পাশে থাকা জিয়ালা গাছের ফল মিষ্টি ভেবে তৃপ্তি করে খায়। খেলা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরলে তাদের পেটে ব্যথা ও বমি শুরু হয়। অভিভাবকরা তাৎক্ষণিকভাবে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অসুস্থ শিশু ফুয়াদ ও মোস্তাকিনের মা শাহনাজ পারভীন জানান, মিষ্টি লাগায় এক শিশুর দেখাদেখি সব শিশুরা ফলটি খেয়েছিল এবং বাড়ি ফিরে প্রচণ্ড বমি ও পেটে ব্যথা শুরু হলে হাসপাতালে আনা হয়। স্থানীয়ভাবে জিয়ালা বা কচা গাছ বসতবাড়ি ও ক্ষেতের বেড়া তৈরিতে ব্যবহৃত হয়। চিকিৎসকরা জানান, বিদেশী এই গাছটি ‘বার্বাডোজ নাট’ নামে পরিচিত, যার ফল ও পাতা খেলে পেটে ব্যথা, বমি এবং মারাত্মক ডায়রিয়া হতে পারে।

জা. অর্থনীতি/এলএটি