তীব্র তাপপ্রবাহের পর ফ্রান্সে ভয়াবহ দাবানল

আন্তর্জাতিক ডেস্ক: রেকর্ডভাঙা তীব্র তাপপ্রবাহের পর ভয়াবহ দাবানলের গ্রাসে পড়েছে দক্ষিণ ফ্রান্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জানমাল রক্ষায় পর্যটন এলাকাগুলো থেকে জরুরি ভিত্তিতে অন্তত ৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত করা হয়েছে একাধিক ওয়াটার-বম্বিং (পানি বর্ষণকারী) হেলিকপ্টার ও বিমান।

ফরাসি প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দক্ষিণ ফ্রান্সের সাঁ-মারি-লা-মের শহরে প্রথম এই দাবানলের সূত্রপাত হয়। তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত পার্শ্ববর্তী কানেত-অঁ-রুসিওঁ এলাকায় ছড়িয়ে পড়ে।

পাইরেনিস-অরিয়েন্টালস অঞ্চলের শীর্ষ কর্মকর্তা পিয়ের রেনো দ্য লা মথ জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করে প্রায় তিন হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি তিনটি স্থানীয় ক্যাম্পসাইটে থাকা পর্যটক। আগুন নেভাতে গিয়ে দুইজন দমকলকর্মী সামান্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

বর্তমানে প্রায় ২০০ জন দমকলকর্মী এবং ৪টি বিশেষ পানি বর্ষণকারী বিমান আগুন নেভানোর কাজে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া স্বেচ্ছাসেবী ও স্থানীয় নাগরিকদের একটি বড় অংশও এই উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (টুইটার) জানিয়েছেন, বুধবার থেকে দেশের বিভিন্ন প্রান্তের বনাঞ্চলে লাগা আগুন নিয়ন্ত্রণে ১ হাজার ২০০ জনেরও বেশি দমকলকর্মীকে মোতায়েন করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি এখনো অত্যন্ত প্রতিকূল রয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা গত সপ্তাহে সতর্ক করেছিল যে, ফ্রান্সে জলবায়ু পরিবর্তনের প্রভাবে জুন মাসে টানা ১১ দিন ধরে চলা নজিরবিহীন তাপপ্রবাহের ফলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। এই তীব্র দাবদাহের কারণেই বনাঞ্চল শুকিয়ে দাবানলের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। মানুষের স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোর ওপরও এর বড় প্রভাব পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও আবারো গরম বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, তীব্র গরম ও দাবানল মোকাবিলায় সরকারের প্রস্তুতি ও পদক্ষেপকে অপ্রতুল আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির বিরোধী দলীয় রাজনীতিবিদরা। জলবায়ু পরিবর্তনের চরম প্রভাব মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগ এনে বৃহস্পতিবার ফরাসি পার্লামেন্টে গ্রিন পার্টি বর্তমান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছে। সব মিলিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি ফ্রান্সে এখন রাজনৈতিক উত্তাপও তুঙ্গে।

জা.অর্থনীতি/এসআই