সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার কাঁচড়াহাটি এলাকায় এক বিজিবি সদস্যের বসতবাড়িতে চুরির মামলায় সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শ্যামনগর থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান নূর বিষয়টি নিশ্চিত করেন।
৩০ জুন সাতক্ষীরা শহরের বড়বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে তদন্ত শেষ হওয়ার আগেই আসামিকে মামলা থেকে অব্যাহতি দিতে রাজনৈতিক তদবিরের অভিযোগ উঠেছে। গ্রেফতার ব্যক্তির নাম— শাহামীম সিকদার। সে শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
মামলার বিবরণ ও বাদী বিজিবি সদস্য জি.এম. মোস্তাফিজুর রহমান জানান, ৩১ মে পরিবারের অনুপস্থিতির সুযোগে দুর্বৃত্তরা তার বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা শয়নকক্ষের আলমারি থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ ৪১ হাজার ৩০০ টাকা এবং ব্যাংকের এটিএম কার্ডসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনাটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। এ ঘটনায় ৩ জুন মোস্তাফিজুর রহমান বাদী হয়ে শ্যামনগর থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সিসিটিভি ফুটেজ দেখে আসামিকে গ্রেফতারের পর আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ক্ষমতাসীন দলের কয়েকজন নেতাকর্মী সন্দেহভাজন আসামির পক্ষে প্রভাব খাটানোর চেষ্টা করছেন। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামান নূর বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে কোনো ধরনের প্রভাব বা তদবিরের সুযোগ নেই। সিসিটিভি ফুটেজ ও রিমান্ডের তথ্যের ভিত্তিতে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
—জা. অর্থনীতি/এলএটি
