আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ছাত্র সংসদের ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী সহসভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন নাশরা নাঈম। শুক্রবার (৬ নভেম্বর) ঘোষিত এই নির্বাচনের ফলাফলে দেখা যায়, ছাত্র সংসদের মোট ১৩টি পদের মধ্যে ছয়টিতেই জয়লাভ করেছেন নারী প্রার্থীরা। সহসভাপতি পদে নাশরা নাঈম ৭ হাজার ৯১ ভোট পেয়েছেন, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫ হাজার ৮১৮ ভোট। এছাড়া ছাত্র সংসদের ১০টি ক্যাবিনেট সদস্য পদের মধ্যে রেকর্ড সংখ্যক পাঁচটি পদেও নারী প্রার্থীরা জয়ী হয়েছেন, যা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনে অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সভাপতি পদে চার হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন মোহাম্মদ নোমান আশরাফ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হামদান। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় কোর্ট নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক জাভেদ তালিব এবং উইমেন্স কলেজ স্টুডেন্টস ইউনিয়ন নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক নাজিয়া হাসান আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের জন্য এবারের নির্বাচনটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, শিক্ষার্থীদের টানা তিন বছরের ধারাবাহিক আন্দোলনের পর দীর্ঘ আট বছর বিরতি দিয়ে এবার এই নির্বাচনের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষকের মতে, চলমান জেন-জি আন্দোলনের প্রভাবও এবারের নির্বাচনে বেশ লক্ষণীয় ছিল। অন্যান্য বছরগুলোতে নির্বাচনী প্রচারণায় মূলত ক্যাম্পাসকেন্দ্রিক নানা সমস্যা প্রাধান্য পেলেও এবার জাতীয় পর্যায়ের বিভিন্ন ইস্যু এবং মুসলিম সম্প্রদায়সংশ্লিষ্ট নানা বিষয় জোরেশোরে আলোচনায় উঠে এসেছে।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন। তিনি এই নির্বাচনকে প্রতিষ্ঠানটির ‘গণতান্ত্রিক ঐতিহ্যের এক উজ্জ্বল বিজয়’ হিসেবে আখ্যায়িত করেন। ছাত্র সংসদে নারীদের এই ক্রমবর্ধমান অংশগ্রহণ ও প্রতিনিধিত্বকে স্বাগত জানানোর পাশাপাশি তিনি নারীর ক্ষমতায়নের গুরুত্বও তুলে ধরেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এবারের নির্বাচনী প্রচারণা চলাকালে ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার ঘটনা ঘটেনি।
জেএ/অভি
