অনলাইন ডেস্ক: বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় মঙ্গলবার (৭ জুলাই) সকালে শীর্ষ অবস্থানে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। একই সময়ে বাংলাদেশের রাজধানী ঢাকা ২১তম অবস্থানে থাকলেও এখানকার বায়ুর মান সহনীয় পর্যায়ে রয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা ১৪ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ সূচকে এ তথ্য প্রকাশ করা হয়। ওই সময় তালিকায় বিশ্বের ১২৪টি শহরের বায়ুর মান মূল্যায়ন করা হয়।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, জাকার্তার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ছিল ১৮২, যা অস্বাস্থ্যকর শ্রেণিতে পড়ে। অন্যদিকে ঢাকার স্কোর ছিল ৭৬, যা মাঝারি বা সহনীয় বায়ুমানের নির্দেশক।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় হিসেবে বিবেচিত হয়। স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের মাত্রা বেড়ে গেলে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পায়। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।
জা.অর্থনীতি/এসআই