অস্ত্রের মহড়ার ভাইরাল ভিডিও মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ পিপিএম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (৬ জুলাই) দিনগত রাত ৯টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম— তাজিম আহমেদ ওরফে তাজিনুর রহমান (১৯)। সে উপজেলার দাড়িপাতন গ্রামের জিল্লু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মে মাসের শেষদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্টকে কেন্দ্র করে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে গত ২৭ মে এবং পরবর্তীতে ২৯ মে বিকেলে দুই পক্ষের সদস্যরা পৃথকভাবে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সড়কে অবস্থান নেয় ও প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়। এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়। পরবর্তীতে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে।

এসআই বলেন, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে এজাহারভুক্ত আসামি তাজিমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি