স্পোর্টস ডেস্ক: নিজেদের মাঠে স্বপ্নের বিশ্বকাপ অভিযান শেষ হলো যুক্তরাষ্ট্রের। শেষ ষোলোতে দুর্দান্ত নৈপুণ্যে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বেলজিয়াম। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন শার্ল ডি কেটেলারে। দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট ফ্রিজের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান হন্স ফানাকে। যোগ করা সময়ে দলের চতুর্থ গোলটি করেন অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু। যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি আসে মালিক টিলম্যানের ফ্রি-কিক থেকে, যা ডিফ্লেকশনে জালে জড়ায়।
ম্যাচের অষ্টম মিনিটেই প্রথম বড় সুযোগ তৈরি করেছিল বেলজিয়াম। এক মিনিট পরই নিকোলা হাসকিনের পাস থেকে সহজ ফিনিশে দলকে এগিয়ে দেন ডি কেটেলারে। গোলের পরও একের পর এক আক্রমণে স্বাগতিকদের চাপে রাখে ইউরোপের দলটি।
হাইড্রেশন ব্রেকের পর কিছুটা ছন্দ ফিরে পায় যুক্তরাষ্ট্র। ফ্রি-কিক থেকে টিলম্যানের নেওয়া শট মানব দেয়ালে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে গেলে সমতায় ফেরে স্বাগতিকরা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েক মিনিটের মধ্যেই লেয়ান্দ্রো ট্রসাডের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন ডি কেটেলারে।
বিরতির পর বলের দখল কিছুটা বাড়ালেও আক্রমণে ধার দেখাতে পারেনি যুক্তরাষ্ট্র। ৫৭তম মিনিটে গোলরক্ষক ফ্রিজের ভুলের সুযোগ নিয়ে বল দখল করেন ডি কেটেলারে। তার পাস থেকে দুর্দান্ত বাঁকানো শটে ব্যবধান ৩-১ করেন হন্স ফানাকে।
ম্যাচের শেষদিকে গোলের জন্য মরিয়া চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। তবে সেবাস্টিয়ান বারহল্টার ও ফোলারিন বালোগনের প্রচেষ্টা ব্যর্থ করে দেন বেলজিয়ান গোলরক্ষক তিবো কোর্তোয়া। যোগ করা সময়ে দ্রুতগতির পাল্টা আক্রমণে ফানাকের পাস থেকে কোনাকুনি শটে গোল করে জয় নিশ্চিত করেন বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু। বেলজিয়ামের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই বিশ্বকাপে টানা তিন ম্যাচেই গোল করার কীর্তি গড়লেন, যার সবকটিই এসেছে ম্যাচের ৮৬ মিনিটের পর।
ম্যাচের আগে ফোলারিন বালোগনকে ঘিরে লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা হলেও মাঠে তার প্রভাব দেখা যায়নি। বরং পুরো ম্যাচজুড়ে নিজেদের স্বাভাবিক ছন্দ থেকে বিচ্যুত ছিল যুক্তরাষ্ট্র।
এই হারের মাধ্যমে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিন স্বাগতিক দেশের শেষ দলটিও। অন্যদিকে, দুর্দান্ত ফর্মে থাকা বেলজিয়াম কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে পর্তুগালকে হারিয়ে আসা স্পেনের।
জা.অর্থনীতি/এসআই