আন্তর্জাতিক ডেস্ক: বার্বাডোজের রাজধানী ব্রিজটাউন থেকে যুক্তরাজ্যগামী ব্রিটিশ এয়ারওয়েজের বিএ২৫৪ ফ্লাইট ক্রু সদস্যদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত মদ্যপানের অভিযোগে বাতিল করা হয়েছে। এ ঘটনায় প্রায় ৩৩৬ জন যাত্রী আটকা পড়েন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, আগের রাতে কয়েকজন ক্রু সদস্য একটি রিসোর্টে পার্টি করেন। অভিযোগ রয়েছে, অতিরিক্ত মদ্যপানের কারণে এক বিমানবালা বারে বমি করেন এবং আরেক ক্রু সদস্য অচেতন হয়ে পড়লে তাকে কক্ষে পৌঁছে দেওয়া হয়। পরদিন তারা দায়িত্ব পালনের উপযুক্ত অবস্থায় না থাকায় ফ্লাইটটি বাতিল করা হয়।
ইউরোকন্ট্রোল-এর তথ্য অনুযায়ী, ফ্লাইট বাতিলের কারণে ব্রিটিশ এয়ারওয়েজের ১ লাখ পাউন্ডের বেশি আর্থিক ক্ষতি হতে পারে। যাত্রীদের হোটেল ও যাতায়াতের অতিরিক্ত ব্যয়ও প্রতিষ্ঠানটিকেই বহন করতে হবে।
ব্রিটিশ এয়ারওয়েজের নীতিমালা অনুযায়ী, পরিচয় শনাক্ত করা যায়-এমন অবস্থায় কোনো ক্রু সদস্য প্রকাশ্যে মদ্যপান করতে পারেন না। এ ঘটনায় রিসোর্টের অন্যান্য অতিথিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও উঠেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এয়ারলাইনটি।
এক বিবৃতিতে ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র বলেন, “আমরা আমাদের কর্মীদের কাছ থেকে সর্বোচ্চ পেশাদারত্ব প্রত্যাশা করি। পুরো ঘটনাটি জরুরি ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।”
এর আগেও বিদেশে দায়িত্ব পালনের সময় ব্রিটিশ এয়ারওয়েজের কয়েকজন কর্মীর বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ ওঠে। গত বছর ক্যালিফোর্নিয়া-লন্ডন রুটের এক ক্রুকে নেশাগ্রস্ত ও নগ্ন অবস্থায় পাওয়া গেলে পরে তাকে চাকরিচ্যুত করা হয়। ২০২৩ সালে জোহানেসবার্গে কোকেন সেবনের কথা স্বীকার করায় এক পাইলটকেও বরখাস্ত করা হয়েছিল।
জা.অর্থনীতি/এসআই